দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। নতুন করে ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের পাশাপাশি বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একই সক্ষমতায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রণয়ন এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়, বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রণয়ন এবং হাসপাতালগুলোতে অতিরিক্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগের লক্ষ্যে নতুন পদ সৃষ্টির প্রস্তাব পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
এছাড়া বিদ্যমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যা সংখ্যা বৃদ্ধি এবং নতুন হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ থেকে ৫০টি শয্যা রয়েছে। নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং গ্রামীণ জনগণ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবে।