মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কূটনৈতিক তৎপরতায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে সরকার গুরুত্ব দিচ্ছে না।
বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, দণ্ডিত একজন আসামির রাজনৈতিক বক্তব্য সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয় না। বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ ও আনুষ্ঠানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক উদ্যোগ গ্রহণে কোনো ধরনের ঘাটতি নেই।
এ সময় গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত কূটনৈতিক আলোচনা ও সংলাপ চলমান রয়েছে।