ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামে সরকারি মাটির রাস্তা দখল করে ঘরবাড়ি ও পাকা সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগীরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শ্যামপুর গ্রামের সাব্বির খানের বাড়ি থেকে মমিন খানের বাড়ি পর্যন্ত দীর্ঘদিনের একটি সরকারি মাটির রাস্তা রয়েছে। এ পথ দিয়ে এলাকার প্রায় ১০০টি পরিবারের সদস্যরা নিয়মিত চলাচল করেন। স্থানীয়দের দাবি, রাস্তাটি উন্নয়নের অংশ হিসেবে সেখানে সরকারি উদ্যোগে ইট বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। ফলে এটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ পথ।
লিখিত অভিযোগে শাহিন বেপারী উল্লেখ করেন, একই গ্রামের ইদ্রিস বেপারী, সোনা মীর, কালাম মীর ও সালাম মীর পূর্বপরিকল্পিতভাবে সরকারি রাস্তার একটি অংশ দখল করে সেখানে ঘরবাড়ি ও পাকা সীমানা প্রাচীর নির্মাণ করছেন। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে অভিযুক্তদের বাধা দিতে গেলে তারা স্থানীয়দের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন। এতে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে অভিযোগকারীরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন, প্রয়োজনীয় তদন্ত এবং সরকারি রাস্তা দখলমুক্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।