বাংলাদেশের কাঁঠাল চীনে রফতানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চীনের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেন, কাঁঠাল রফতানি দেশের জন্য বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সম্ভাবনা তৈরি করবে।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি চীন সফরের সময় দেশটির সঙ্গে কাঁঠাল রফতানি নিয়ে একটি চুক্তি হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশের কাঁঠাল চীনের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। ইনশাআল্লাহ আমরা চীনে কাঁঠাল রফতানি শুরু করব।”
তিনি জানান, মালয়েশিয়া সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে জানান, মালয়েশিয়া প্রতিবছর প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের ডোরিয়ান চীনে রফতানি করে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া যদি ডোরিয়ান রফতানির মাধ্যমে এত বড় বাজার গড়ে তুলতে পারে, তাহলে বাংলাদেশও কাঁঠাল রফতানির মাধ্যমে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।
প্রধানমন্ত্রী আরও জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একসময় আনারস প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন করা হলেও সেটি বর্তমানে বন্ধ রয়েছে। সরকার কারখানাটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। তবে এ মুহূর্তে সেখানে পৃথক কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার কোনো পরিকল্পনা সরকারের নেই।