বেগম খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এবার মেয়েদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করতে চাই।’
বুধবার (৮ জুলাই) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘নারী শিক্ষার প্রসারের পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষার ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন। আমরা এবার ডিগ্রি বা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করতে চাই।’
তিনি আরও বলেন, ‘সংসদে গ্যালারিতে আমাদের সঙ্গে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত আছেন। তারাও সরাসরি এই সংসদ অধিবেশনটি দেখছেন। আমরা অনার্স পর্যন্ত নারীদের শিক্ষা ফ্রি করবো এবং তাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে তাদের স্কলারশিপ দিতে চাই।’
মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রাইমারি স্কুলের বাচ্চাদের স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছি। একই সঙ্গে তাদের স্কুল-ব্যাগও দেবো।
মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ‘ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাইমারি স্কুলের বাচ্চাদের স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছি। একই সঙ্গে তাদের স্কুল-ব্যাগও দেবো।’
তিনি সব সংসদ সদস্যকে আশ্বস্ত করে বলেন, সমগ্র বাংলাদেশে সরকারি প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় আছে। বিদ্যালয়গুলোতে প্রায় এক কোটি ২০ লাখের মতো বাচ্চা আছে। পর্যায়ক্রমিকভাবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সব বাচ্চাদের কাছেই পৌঁছানোর চেষ্টা করবেন বলে জানান প্রধানমন্ত্রী।