রাজশাহীর চারঘাটে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার স্লুইসগেটসংলগ্ন হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শ্রী দেব (২১) একই এলাকার শ্রী জয়ের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বুধবার দুপুরে শিশুটির মা তাকে গোসল করানোর জন্য খোঁজাখুঁজি করছিলেন। একপর্যায়ে প্রতিবেশী দেবের বাড়ির বারান্দায় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় কাঁদতে দেখতে পান তিনি।
পরিবারের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত যুবক শিশুটিকে কেক খাওয়ানোর কথা বলে ঘরের ভেতরে নিয়ে যান। পরে ঘরের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির মা সেখানে পৌঁছালে অভিযুক্ত কৌশলে পালিয়ে যান।
ঘটনার পর স্বজন ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।