গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (৮ জুলাই) দুপুরে শিশুটির বাবা কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করেছেন। বর্তমানে ভুক্তভোগী শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের দেওয়ানবাড়ী এলাকার এক গৃহবধূ বাড়ির কাজের পাশাপাশি সেলাইয়ের কাজ করেন। প্রায় তিন সপ্তাহ আগে প্রতিবেশী হানিফ দেওয়ান ওরফে হানিফার স্ত্রী তার কাছে একটি কাপড় সেলাইয়ের জন্য দেন।
অভিযোগে বলা হয়, গত ১৮ জুন বিকেল ৪টার দিকে সেলাই করা কাপড় ফেরত দিতে শিশুটিকে ওই প্রতিবেশীর বাড়িতে পাঠানো হয়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত হানিফ দেওয়ান (৪০) শিশুটিকে শয়নকক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
পরিবারের দাবি, ভয় ও আতঙ্কে শিশুটি প্রথমে ঘটনাটি কাউকে জানায়নি। ঘটনার পর থেকে সে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গত ৭ জুলাই তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটি ঘটনার বিষয়টি জানায়।
এরপর পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনার প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।