দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ কাটছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০২ জনের শরীরে হাম ও সংশ্লিষ্ট উপসর্গ শনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ।
বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৪৫ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের হাম শনাক্ত হয়েছে। এ সময়ে আরো ৭৯৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ১ লাখ ৮ হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে মোট ১৩ হাজার ৭০ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯১ হাজার ২৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৭ হাজার ৬২৮ জন।