বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলীয় জোটকে পরাজিত করা হয়েছে। এই ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকার জড়িত বলেও দাবি করেন তিনি।
বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা নির্বাচন চেয়েছি, কিন্তু নির্বাচনের নামে ষড়যন্ত্র চাইনি। যারা নিজেদের নিরপেক্ষ বলে পরিচয় দিয়েছেন, তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিলেন। নিজেরাই স্বীকার করেছেন যে, ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।
নির্বাচনের ফল মেনে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে যদি ফল প্রত্যাখ্যান করা হতো, তাহলে দেশে অস্থিতিশীলতা ও সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারত। জাতীয় স্বার্থে এবং দেশকে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি থেকে রক্ষা করতেই ১১ দল দায়িত্বশীল আচরণ করেছে।
তবে তিনি বলেন, নির্বাচনের ফল মেনে নেওয়া হলেও গণভোটের রায়কে উপেক্ষা করার সুযোগ দেওয়া হবে না।
বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনের শহীদদের রক্ত তখনও শুকায়নি, স্বজনদের কান্নাও থামেনি। এমন সময়ে তাদের পাশে দাঁড়ানোর পরিবর্তে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যা শহীদদের প্রতি অসম্মানজনক।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সংসদে দাঁড়িয়ে জুলাই সনদকে ‘অন্তহীন প্রতারণার দলিল’ বলেছিল। পরে একই সংসদে নিজেদের অবস্থানের মাধ্যমে তারাই জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে দাবি করেন ডা. শফিকুর রহমান।