বর্তমান সরকার জোর করে নয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর উদ্যোগে আয়োজিত ‘দেশব্যাপী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণ’ এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সরকারের আমলে অপরাধ করে কেউ পার পাবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অ্যাবের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির পক্ষেই রায় দেয়। তার ভাষ্য, জনগণ মনে করে দেশ ও গণতন্ত্র বিএনপির হাতেই নিরাপদ।
তিনি দাবি করেন, দেশে দুটি অপশক্তি সক্রিয় রয়েছে—একটি মুক্তিযুদ্ধবিরোধী এবং অন্যটি ২০২৪ সালের গণহত্যার সঙ্গে জড়িত। এসব শক্তির বিপরীতে জনগণ বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি হিসেবে দেখে।
বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে টুকু বলেন, যারা জনগণের সমর্থন হারিয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদের পক্ষে জনগণের শক্তিতে বিশ্বাসী বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন এবং তার নেতৃত্বে গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে জনগণ বিশ্বাস করে।
দুই পর্বে অনুষ্ঠিত কর্মসূচির প্রথম পর্বে পাঁচ লাখ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে সাভারের ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন।
অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ও কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, অ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লবসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষিবিদ এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।