প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো।
বুধবার (৮ জুলাই) ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-ইতালি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তারা দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং সামরিক প্রশিক্ষণের আধুনিকায়ন নিয়ে আলোচনা করেন।
বৈঠকে ইতালির সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ইতালির সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা করা হয়।
এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ও ইতালির অবদান এবং ভবিষ্যতে বিশ্বশান্তি ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
প্রতিরক্ষা উপদেষ্টা ইতালির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ইতালির সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। জবাবে রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।