
অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মিসরকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচে দীর্ঘ সময় ধরেই বিপর্যয়ের মুখে ছিল আর্জেন্টিনা। ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকায় বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কা ঘিরে ধরেছিল আলবিসেলেস্তেদের।
তবে এরপরই শুরু হয় আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তন, যার নেতৃত্ব দেন অধিনায়ক লিওনেল মেসি। ৭৯তম মিনিটে মেসির দারুণ অ্যাসিস্ট থেকে ব্যবধান কমান ক্রিস্টিয়ান রোমেরো। মাত্র চার মিনিট পর, ৮৩তম মিনিটে নিজেই গোল করে ম্যাচে সমতা ফেরান মেসি। সেই গোলেই যেন নতুন প্রাণ ফিরে পায় আর্জেন্টিনা, আর টিকে থাকে বিশ্বকাপে তাদের স্বপ্ন।
নাটকীয়তার চূড়ান্ত মুহূর্ত আসে যোগ করা সময়ে। কাউন্টার অ্যাটাকে উঠে এসে লাউতারো মার্তিনেজ দারুণ একটি ক্রস বাড়ান, আর তাতে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান এনজো ফার্নান্দেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে করা সেই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
অবিশ্বাস্য এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।