সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের বিরতির সময় শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন। পাশাপাশি ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার চারজন বিদেশি শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পান।
দুপুরে জাতীয় সংসদে এসে তারা সংসদ ভবনের নির্মাণশৈলী ঘুরে দেখেন। এছাড়া সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে ছবি তোলেন। পরে তারা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষক-শিক্ষার্থী, নটর ডেম কলেজের ৪৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষকসহ মোট ৫৩ জন, বাংলাদেশ লিগ্যাল এইডের মাধ্যমে ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের চারজন বিদেশি শিক্ষার্থীসহ মোট আটজন এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করেন।