দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও অর্থনৈতিক ব্যবস্থার ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তন শুরু করে দিয়েছেন। আগামী পাঁচ বছরে তিনি দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক ব্যবস্থাসহ সব খাতকে একটি পর্যায়ে নিয়ে যেতে চান।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সখীপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তন শুরু করে দিয়েছেন। আগামী পাঁচ বছরে তিনি দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক ব্যবস্থাসহ সব খাতকে একটি পর্যায়ে নিয়ে যেতে চান।
তিনি আরও বলেন, ‘আমি বলবো না, ৫ বছরে তিনি বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। তবে তিনি যদি আরও কিছু সময় পান, তাহলে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে নিয়ে যাবেন।’
ইতিবাচক পরিবর্তনের আশা ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দুপুরে ১০০ টাকার খাবার খান। ১০০ টাকায় সখীপুরেও খাবার পাওয়া যাবে না। আমরা সবাইও ১০০ টাকার খাবারই খাই। প্রধানমন্ত্রী সকাল পৌনে ৯টায় অফিসে আসেন। আমরা মন্ত্রীরাও নিয়মিত পৌনে ৯টার মধ্যেই অফিসে যাই। আমার দপ্তরে কোনো দিন সাড়ে ৮টা বা পৌনে ৯টার মধ্যে গেলে আমাকে উপস্থিতই পাওয়া যাবে। অর্থাৎ পরিবর্তনটা শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় স্বাধীনতার পর যে ধস নেমেছে, তা থেকে আপনাদের এই শিক্ষা ব্যবস্থাকে বের করে আনতে হবে। জাতির কাছে আপনাদের অনেক প্রত্যাশা রয়েছে।’
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবক ও শিক্ষানুরাগী বেগম নার্গিস সিদ্দিকা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটুসহ অনেকে।