গোপালগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মূল আসামি ও সহযোগী এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে উভয় আসামিকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের উজ্জ্বল বিশ্বাস দীর্ঘদিন ধরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সংগীতা টিকাদারকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ২০২০ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় সহযোগী আসামি কল্পনা বিশ্বাস পিঠা বানানোর কথা বলে তাকে নিজের ঘরে ডেকে নেন। পরে সেখানে উজ্জ্বল বিশ্বাস জোরপূর্বক ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন।
এ ঘটনায় একই বছরের ১০ অক্টোবর ভুক্তভোগীর মা অনিতা টিকাদার বাদী হয়ে কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং সহযোগী কল্পনা বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মো. তৌফিকুল ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় ইতিবাচক বার্তা।
অন্যদিকে, আসামী পক্ষের আইনজীবী অ্যাডঃ মোঃ কদরে আলম খান বলেন, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।