কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুবোঝাই পিকআপের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় পিকআপে থাকা ছয়টি গরুর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার এলাকায় কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপে থাকা নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল (৩৫), খুরশেদ (৬০) ও পিকআপের চালক খোকন (৩৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি বাসের সঙ্গে সুখিয়া বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পিকআপে থাকা ছয়টি গরুও মারা যায়। দুর্ঘটনায় পিকআপ ও বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার এসআই সেলিম হোসেন রকি।