দুই দফা দাবিতে নওগাঁর নিয়ামতপুরে মানববন্ধন ও অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ডাকবিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা ডাক বিভাগের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হলে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ।
মানববন্ধনে বক্তব্য দেন রামকুড়া শাখা ডাকঘরের পোস্টমাস্টার নাঈমুল ইসলাম, গাংগোর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মামুন, রামবাড়ী শাখা ডাকঘরের পোস্টমাস্টার জাকির হোসেন এবং খড়িবাড়ী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মজিবুর রহমান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন, যা বর্তমান বাজার পরিস্থিতিতে অত্যন্ত অপ্রতুল। এ কারণে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে তারা দাবি করেন।
তাদের দুই দফা দাবির মধ্যে রয়েছে, ইডি কর্মচারীদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান।
বক্তারা আরও জানান, সারা দেশে প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তারা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন আন্দোলনরত কর্মচারীরা।