বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আবেগঘন বার্তা দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। হতাশার মাঝেও তিনি আশার সুর শুনিয়ে বলেছেন, ‘এটা শেষ নয়, নতুন এক অধ্যায়ের শুরু।’ দলের ব্যর্থতায় হতাশা থাকলেও ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী। আনচেলত্তির এই বার্তা এখন ব্রাজিলিয়ান ফুটবলে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের প্রতীক হয়ে উঠেছে।
ব্রাজিল কোচ আসার আগেই সাংবাদিকে পরিপূর্ণ সংবাদ সম্মেলন কক্ষ। এরপর বিষণ্ন মনে এলেন কার্লো আনচেলত্তি। একের পর এক প্রশ্ন ছুটল ব্রাজিল কোচের কাছে। কিছু নরওয়ে ম্যাচের কৌশল আবার কিছু তার ব্যক্তিগত ইস্যুতেও। অকপটে হতাশার কথা স্বীকার করে নতুন শুরুর বার্তা দিয়ে রাখলেন রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি কোচ।
প্রায় প্রতিটি বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল আরেকটি শিরোপা জয়ের লক্ষ্যে নিয়েই আসে। যদিও ২০০২ সালের পর থেকে তারা টানা ছয়বার ব্যর্থ। এবার আনচেলত্তি কোচ হওয়ার পর অনেকে আশায় বুক বেঁধেছিলেন– দক্ষ ও অভিজ্ঞ কোচে কিছু হবে। নরওয়ের সঙ্গে হেরে সেই আশা গুড়োবালি।
চ্যাম্পিয়ন্স লিগে দলকে পাঁচবার (রিয়াল মাদ্রিদ তিন ও এসি মিলানকে দু’বার) চ্যাম্পিয়ন করিয়েছেন, ইউরোপের ঘরোয়া লিগেও জিতেছেন অনেক ক্লাব শিরোপা। এবার জাতীয় দলের দায়িত্ব নিয়ে ভিন্ন চিত্র দেখলেন। হতাশ হলেও এখানেই শেষ দেখছেন না আনচেলত্তি, ‘স্বাভাবিকভাবেই হতাশ। তবে এটাই শেষ নয়, নতুন করে শুরু করতে হবে।’
আনচেলত্তি বড় মাপের কোচ। এরপরও ব্রাজিলকে মাত্র প্রি-কোয়ার্টার পর্যন্ত নেওয়ায় সমর্থকদের চাপ বাড়ছে। পদত্যাগের বিষয়ে সরাসরি প্রশ্ন না হলেও তিনি পরোক্ষভাবে দায়িত্ব চালিয়ে যাওয়ার পক্ষে মন্তব্য করেছেন, ‘এখান থেকে নতুনভাবে শুরু করতে হবে। মেধাবী খেলোয়াড় রয়েছে তাদের নিয়ে সামনে আগাতে হবে।’
ব্রাজিলকে অনেকদিন সার্ভিস দিয়েছেন ক্যাসিমেরো। অভিজ্ঞ এই ফুটবলার ক্যারিয়ার পড়ন্ত বেলায় আছেন। বিশ্বকাপ থেকে বিদায়ের পর ক্যাসিমেরোর বিকল্প নিয়ে তাৎক্ষণিকভাবে প্রশ্ন হয়েছে। এর জবাবে আনচেলত্তি বলেন, ‘সে ব্রাজিলকে অনেক দিয়েছে। তার পজিশনে কাউকে তো দেখতে হবেই।’
ব্রাজিল হারলেও নরওয়ের চেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করেছিল। এরপরও হারায় খানিকটা হতাশ আনচেলত্তি, ‘আসলে আমরা এই ম্যাচ হারার যোগ্য ছিলাম না। গোলের সুযোগ মিস করায়, ম্যাচের চিত্র ভিন্ন হয়েছে। আর (আর্লিং) হালান্ড ম্যাচে পার্থক্য গড়েছে।’ প্রসঙ্গত, ব্রাজিলের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচ পদের চুক্তি রয়েছে আনচেলত্তির।