বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
রবিবার (৫ জুলাই) দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি জানান, রবিবার দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা যান।
১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আবুল কাসেম ফজলুল হক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি প্রায় চার দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন এবং বিভাগের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় তার অবদান বিশেষভাবে স্মরণীয়। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্র সম্পাদনা করেন।
তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে একুশে ফেব্রুয়ারি আন্দোলন, রাজনীতি দর্শন, সাহিত্য চিন্তা এবং সংস্কৃতির সহজ কথা। এ ছাড়া তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি ও স্বদেশচিন্তাসহ একাধিক গ্রন্থ।
সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৭৪ সালে বাংলাদেশ লেখক শিবির পুরস্কার এবং ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।