ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসটির সুপারভাইজার মনির (৩০) নিহত হয়েছেন। তবে বাসে থাকা অন্যান্য যাত্রীরা দ্রুত নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
রবিবার (৫ জুলাই) সকাল প্রায় ৯টা ৪৫ মিনিটে নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুপার পরিবহনের একটি বাস পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। পথে পূর্ব রায়পুর বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসকে ওভারটেক করার সময় দুই বাসের মাঝখানে একটি মাহিন্দ্র (থ্রি-হুইলার) চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসটির সুপারভাইজার মনির বাসের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুম ইফতেখার জানান, হাসপাতালে আনার আগেই মনিরের মৃত্যু হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বাসটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে কাজ করছেন।