ব্রাজিল ফুটবল দলের পরাজয় এবং এর জের ধরে প্রতিপক্ষ দলের সমর্থকদের উপহাস সইতে না পেরে কুষ্টিয়ার কুমারখালীতে রতন (২১) নামে এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আত্মহত্যা করা রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। মাত্র দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ব্রাজিল ও নরওয়ে ফুটবল দলের মধ্যকার খেলায় রতনের প্রিয় দল ব্রাজিল পরাজয় বরণ করে। রতন ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। প্রিয় দলের পরাজয় তিনি মানসিকভাবে মেনে নিতে পারছিলেন না। তার ওপর সকালের দিকে প্রতিপক্ষ ফুটবল দলের সমর্থকদের অনবরত নেতিবাচক ট্রল ও উপহাসের শিকার হন তিনি।
পরাজয়ের কষ্ট এবং প্রতিপক্ষের বিদ্রূপ সইতে না পেরে তীব্র মানসিক যন্ত্রণায় ভেঙে পড়েন এই যুবক। পরে নিজের শোবার ঘরে গিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
রতনের বাবা হোসেন মিস্ত্রি বলেন, ‘রাতে খেলা দেখে ছেলে ঘুমিয়ে পড়েছিল। বেলা ১১টার দিকেও ঘরের ভেতর থেকে তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় আমাদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলছে রতন।’ পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, রতন ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। তার দল হেরে যাওয়ায় পরাজয়ের গ্লানি সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।