উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে ২৭ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্র, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সের ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষা বোর্ডে ১ হাজার ৬২০টি কেন্দ্রে ৮ লাখ ৮৬ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন। অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৬৩৯ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে রাজশাহী বোর্ডের ১ জন, কুমিল্লার ২ জন, বরিশালের ২ জন, দিনাজপুরের ১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১ জন রয়েছেন।
মাদরাসা শিক্ষা বোর্ডের ৪৬০টি কেন্দ্রে ৮৪ হাজার ২৯৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ৭৯ হাজার ৯১ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ২০২ জন এবং ৭ জন পরীক্ষার্থী বহিষ্কার হন।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিত ইংরেজি-২ পরীক্ষায় ৮৫ হাজার ৭৪৯ জনের মধ্যে অংশ নেন ৮৩ হাজার ২৬৩ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৪৮৬ জন এবং ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হন।
সব মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে ২৭ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত এবং ১৭ জন বহিষ্কৃত হয়েছেন।