সারা দেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে অসদুপায় (নকল) অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো পরীক্ষক বা পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।
বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে কুরআন মাজীদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিদেশের আটটি কেন্দ্র ছাড়া দেশের সব কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আমিরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ১ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডে নকলের দায়ে ৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা বোর্ডে একজন, যশোরে দুজন, দিনাজপুরে একজন এবং ময়মনসিংহে একজন। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বোর্ডে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ঢাকা বোর্ডে, যেখানে ৩ হাজার ৯৭১ জন পরীক্ষায় অংশ নেননি। এছাড়া রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭ জন, যশোরে ২ হাজার ৭৮ জন, দিনাজপুরে ১ হাজার ৯৩৭ জন, কুমিল্লায় ১ হাজার ৭৯৫ জন, বরিশালে ১ হাজার ৩৪৬ জন, চট্টগ্রামে ১ হাজার ৩৪০ জন, ময়মনসিংহে ১ হাজার ১৮২ জন এবং সিলেট বোর্ডে ১ হাজার ১২৭ জন অনুপস্থিত ছিলেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে কুরআন মাজীদ পরীক্ষায় মোট ৮৫ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৭৮ জন, যা মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ২৬ শতাংশ। এ বোর্ডে নকলের দায়ে একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে বাংলা-২ পরীক্ষায় মোট ৮৩ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিল ৩ হাজার ৭৩ জন, যা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ৬৭ শতাংশ। এ বোর্ডেও নকলের দায়ে একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
সব মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ ১২০ জন। শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।