বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে সুইজারল্যান্ড। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে শুরুর দিকেই গোল করে লিড নেয় সুইসরা।
প্রথমার্ধে বলের দখলে কিছুটা এগিয়ে ছিল আলজেরিয়া। তবে আক্রমণ তৈরির ক্ষেত্রে দুই দলই ছিল প্রায় সমানতালে। ম্যাচের ১০তম মিনিটেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় সুইজারল্যান্ড।
মাঝমাঠ থেকে দারুণ দৌড়ে আলজেরিয়ার ডি-বক্সে ঢুকে স্ট্রাইকার ব্রিল এমবোলোকে নিখুঁত পাস দেন তরুণ মিডফিল্ডার জোহান মানজাম্বি। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি এমবোলো। প্রথম ছোঁয়াতেই বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে আলজেরিয়া। রিয়াদ মাহরেজের দল কয়েকবার আক্রমণে উঠলেও সেগুলোতে তেমন ধার ছিল না। ফলে কোনো গোল শোধ করতে না পেরে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় আফ্রিকার প্রতিনিধিরা।