পূর্ববর্তী মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ এবং বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের ঘটনা নিয়ে জরুরি মতবিনিময় সভা করেছে বিদ্যুৎ বিভাগ। সভায় ভূতুড়ে বিলের কারণ অনুসন্ধান, লোডশেডিং পরিস্থিতি পর্যালোচনা এবং সোলার নেট মিটারিং কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর কর্মকর্তারা জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগের কারণ তুলে ধরেন। এ সময় অস্বাভাবিক বা ভূতুড়ে বিলের প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত ও দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া বিভিন্ন অঞ্চলে লোডশেডিংয়ের বাস্তব চিত্র এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশনা দেওয়া হয়।
সভায় সোলার বিদ্যুৎ ব্যবস্থায় নেট মিটার স্থাপনের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে নেট মিটারিং কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।