আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর খুলে না দেওয়া হলে জনগণ নিজেরাই তা খুলে দেবে।
বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলাগুলোর তদন্ত ও বিচারকাজ ধীরগতিতে চলছে। এসব মামলার তদন্ত ও বিচার দ্রুত শেষ করার পাশাপাশি ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।
নাহিদ ইসলাম আরও বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না; জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে রাষ্ট্র কাঠামোর সংস্কারের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় ১৪ দলীয় নেতা হাসানুল হক ইনুর মামলার রায় নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। তার দাবি, ট্রাইব্যুনালের দেওয়া রায় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত হয়নি।
তিনি বলেন, হাসানুল হক ইনু গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যায় প্রত্যক্ষভাবে সহায়তা করেছিলেন। তাই তার বিরুদ্ধে দেওয়া ১০ বছর করে তিনটি মামলার সাজা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপক্ষকে রায়ের বিরুদ্ধে আপিল করে আরও কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান নাহিদ ইসলাম।
এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।