হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ৮ লাখ টাকা মূল্যের ১০৩টি অবৈধ চায়না দুয়ারি (রিং) জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ।
বুধবার (১ জুলাই) বিকেল ৩টায় উপজেলা অফিসার্স ক্লাবের পেছনের মাঠে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাধবপুর জাল বাজারের একটি গুদাম থেকে ৬০টি চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করা হয়। এছাড়া হাওর এলাকায় পৃথক অভিযানে আরও ৪৩টি জাল উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ হওয়া ১০৩টি জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
জব্দ করা জালগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হকের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করায় দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে সরকার এ ধরনের জাল নিষিদ্ধ করেছে। তিনি আরও বলেন, দেশীয় মাছের অস্তিত্ব ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জাল ধ্বংসের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমানসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।