জার্মানির উত্তরাঞ্চলীয় স্টাড শহরের একটি যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) জার্মান পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, হামবুর্গের পশ্চিমে অবস্থিত প্রায় ৫০ হাজার জনসংখ্যার স্টাড শহরের একটি যুব কল্যাণ কেন্দ্রে এ গোলাগুলির ঘটনা ঘটে। তবে কী কারণে এই হামলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
পুলিশের এক মুখপাত্র জানান, আটক হওয়া দ্বিতীয় ব্যক্তির ভূমিকা এখনও তদন্তাধীন। তবে এ ঘটনায় অন্য কোনো সন্দেহভাজন পলাতক নেই বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
হামলায় কতজন আহত হয়েছেন, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে নিহত পাঁচজনই প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল ও আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের তুলনায় জার্মানিতে নির্বিচারে গুলি চালানোর ঘটনা তুলনামূলকভাবে বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে কয়েকটি বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০২৩ সালে হামবুর্গে যিহোভার উইটনেসের একটি উপাসনালয়ে হামলায় ছয়জন নিহত হন। এছাড়া ২০১৬ সালে মিউনিখে এক বন্দুকধারীর হামলায় প্রাণ হারান অন্তত নয়জন।
সূত্র: রয়টার্স