চলতি সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্রের ‘টেকনিক্যাল দলগুলোর’ সঙ্গে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।
মঙ্গলবার (২৯ জুন) এক বিবৃতিতে তিনি এ কথা জানান। খবর আল-জাজিরার।
টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে কাজেম ঘারিবাবাদি বলেন, কাতারের মধ্যস্থতায় আলোচনা অব্যাহত থাকলেও দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের ওয়ার্কিং গ্রুপগুলোর কারিগরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর নিশ্চিত করা যাচ্ছে না।
তিনি বলেন, ‘কাতারের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। এর মধ্যে অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ও রয়েছে। তবে দোহায় কারিগরি পর্যায়ের বৈঠক হবে—এমন খবর এই মুহূর্তে নিশ্চিত করার সুযোগ নেই।’
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রয়োজনীয় শর্ত পূরণ এবং আলোচনার সময় ও স্থান নিয়ে উভয় পক্ষের সমঝোতা হলে নির্ধারিত ওয়ার্কিং গ্রুপগুলোর প্রথম দফার কারিগরি বৈঠক অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।
এর আগে আল-জাজিরাসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে খবর প্রকাশিত হয়েছিল। তবে ইরানের সর্বশেষ বক্তব্যে সেই সম্ভাবনার বিষয়ে অনিশ্চয়তার ইঙ্গিত পাওয়া গেছে।