মানিকগঞ্জের শিবালয় থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, চারটি রামদা, দুটি কাটার ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল রবিবার দিবাগত রাতে শিবালয় উপজেলার ধুতরাবাড়ি ৪ নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে—একটি পিকআপে করে কয়েকজন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছে। পরে ডিবি পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালালে পিকআপটি থামানোর চেষ্টা করা হয়। এসময় চালক গাড়িটি দিয়ে পুলিশের মাইক্রোবাসসহ আশপাশের যানবাহনে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে।
একপর্যায়ে পিকআপটি ফেরিঘাটের পন্টুনে উঠে গেলে গাড়িতে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পাঁচজনকে আটক করা হয়। তবে আরো কয়েকজন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—যশোরের আবুল হোসেন (৪০), গাজীপুরের এরশাদ ওরফে এরশাদুল (৪৩), রাজবাড়ীর হামিদুল বিশ্বাস (৩৭), ঝিনাইদহের আবুল কালাম (২৬) এবং নওগাঁর শাহাবুর রহমান ওরফে শাকিল (৩১)।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হওয়ার কথা স্বীকার করেছে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পিকআপের ভেতর থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃতদের কয়েকজনের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় শিবালয় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।