চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ ৭১ হাজার টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে পুলিশ। এ সময় এসব পণ্য বহনে ব্যবহৃত একটি সিঙ্গেল কেবিন পিকআপ (মিনি ট্রাক) জব্দ এবং দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে হাটহাজারী পৌরসভার ওয়ালটন শোরুমের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে হাটহাজারী মডেল থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন মো. আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪)।
থানা সূত্রে জানা যায়, এসআই রুপন নাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪১টি ছালার বস্তার মধ্যে সাদা পলিথিনে মোড়ানো ১ হাজার ২৩৮টি ভারতীয় শাড়ি এবং ৭টি বস্তায় থাকা ২৪৬টি ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা এবং থ্রি-পিসগুলোর মূল্য প্রায় ৬ লাখ ৩৬ হাজার টাকা।
এ সময় অবৈধ পণ্য পরিবহনে ব্যবহৃত একটি সিঙ্গেল কেবিন পিকআপ (মিনি ট্রাক) জব্দ করা হয়।
হাটহাজারী মডেল থানার এসআই রুপন নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এএসআই মো. এমরান হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-৩৪।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।