যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভবিষ্যতে কোনো যুদ্ধবিরতি বা সমঝোতা চুক্তি লঙ্ঘন করলে ইরান আরও কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে বলে সতর্ক করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রবিবার (২৮ জুন) আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি এ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী অতীতে সব ধরনের শত্রুতামূলক পদক্ষেপের জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রাখবে।
তিনি বলেন, শত্রুপক্ষ যখনই কোনো চুক্তি বা যুদ্ধবিরতি লঙ্ঘন করবে, তখন আগের চেয়ে আরও কঠোর জবাব পাবে। যুক্তরাষ্ট্র বারবার প্রমাণ করেছে যে তারা কোনো চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে নির্ভরযোগ্য নয়।
মোহেবি আরও দাবি করেন, ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় যুক্ত রয়েছে, তখনও প্রতিপক্ষ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যেতে পারে। তবে ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো আগ্রাসনের জবাব হবে ‘নির্ধারিত ও সিদ্ধান্তমূলক’।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, পারস্য উপসাগরে একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলার জবাবে তারা ইরানের ভূখণ্ডে নতুন সামরিক অভিযান পরিচালনা করেছে বলে দাবি করেছে।
অন্যদিকে, আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, শুক্রবার তারা হরমুজ প্রণালি দিয়ে প্রবেশকারী একটি জাহাজকে সতর্ক করতে গুলি ছোড়ে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়ে পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো আনুষ্ঠানিক আন্তর্জাতিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
সূত্র: প্রেস টিভি।