প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন কোনো একক রাজনৈতিক দলের ছিল না; এটি ছিল দেশের সব গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আন্দোলন। তাই ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘ফ্যাসিস্টদের বাজেট’ হিসেবে অভিহিত করা অত্যন্ত নিন্দনীয়।
রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ববি হাজ্জাজ বলেন, আগের দিন এক সংসদ সদস্য বাজেটকে ‘ফ্যাসিস্টদের বাজেট’ বলেছেন, যার সঙ্গে তিনি একমত নন। তিনি বলেন, আমরা যারা দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করেছি, মামলা-হামলা ও কারাবরণ করেছি, তাদের দেওয়া প্রথম বাজেটকে এভাবে আখ্যায়িত করা সমীচীন নয়। এটি একটি সাহসী ও আত্মবিশ্বাসী বাজেট।
জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৪ জুলাই তৎকালীন সংসদ নেতা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বর্তমান অর্থমন্ত্রীসহ নেতাদের এক বৈঠকে কোটাবিরোধী আন্দোলনে সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে আন্দোলনকে দলীয় রূপ না দিতে কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার করা হয়নি।
তিনি বলেন, “জুলাই আন্দোলনের স্পিরিট ছিল সম্মিলিত। সেখানে নুরুল হক নূর, জোনায়েদ সাকিসহ বিভিন্ন রাজনৈতিক মতের নেতারা একসঙ্গে রাজপথে ছিলেন। সেই ঐক্যের চেতনা সংসদেও বজায় রাখা প্রয়োজন।”
প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, পারফেক্ট বাজেট বলে কিছু নেই। তবে বর্তমান বাস্তবতায় এটি একটি সময়োপযোগী বাজেট এবং এটি বাস্তবায়নে সরকারের পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে।
প্রাথমিক শিক্ষা খাতের বরাদ্দের বিষয়ে ববি হাজ্জাজ জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে ৪৬ হাজার ৭২৯ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নবম বা দশম গ্রেডে উন্নীত করার কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বছরে অতিরিক্ত প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয় হবে, যা বর্তমান বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী পাঁচ বছর ধারাবাহিকভাবে কাজ করতে পারলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং চীনের সঙ্গে তিস্তা প্রকল্পে অগ্রগতি দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন।