ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রোরেলের ওভারহেড হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে একটি গ্যাস বেলুন আটকে যাওয়ায় প্রায় ১০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। পরে বেলুনটি অপসারণ করা হলে সকাল ৭টার দিকে চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, উড়ন্ত একটি গ্যাস বেলুন মেট্রোরেলের উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনে জড়িয়ে পড়লে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। এর ফলে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে আসা মতিঝিলগামী একটি ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়্যারলেস অপারেটর মো. মাসুদ রানা জানান, টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে মেট্রোরেলের হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে উড়ে এসে একটি গ্যাস বেলুন আটকে যায়।
ঘটনার পরপরই বেলুনটি অপসারণের কাজ শুরু হয়। সকাল ৭টার দিকে অপসারণ কার্যক্রম শেষ হলে পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।