ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ‘কে’ গ্রুপের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কলম্বিয়া। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠা এই লড়াইয়ে কোনো দলই জালের দেখা পায়নি। তবে এই ড্রই কলম্বিয়ার জন্য যথেষ্ট ছিল। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা। অন্যদিকে, সমান ম্যাচে ৫ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে শেষ ৩২ তথা নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কলম্বিয়া, কিন্তু জন কর্ডোবার হেড অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে চলে যায়। ১৬তম মিনিটে কর্ডোবার আরেকটি শক্তিশালী শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন পর্তুগালের গোলরক্ষক দিওগো কোস্তা।
২২তম মিনিটে জেন আরিয়াসের নেওয়া শট গোললাইন থেকে ক্লিয়ার করে পর্তুগালকে নিশ্চিত বিপদ থেকে বাঁচান রুবেন নেভেস। এরপর ৩৯তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের জোরালো শট দারুণভাবে ঠেকিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস। পুরো ম্যাচজুড়েই কলম্বিয়ার রক্ষণভাগের কড়া নজরদারিতে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফলে একাধিকবার অফসাইডের ফাঁদে পড়ে তিনি প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেননি। প্রথমার্ধের যোগ করা সময়ে হামেস রদ্রিগেসের নিচু শটও দিওগো কোস্তা তালুবন্দি করলে ০-০ সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ম্যাচের গতি আরও বাড়ায় কলম্বিয়া। তবে ৭১তম মিনিটে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ জোয়াও ফেলিক্স ও ভিতিনহাকে তুলে রাফায়েল লিয়াও এবং সামু কোস্তাকে নামানোর পর আক্রমণে নতুন গতি পায় ইউরোপের দলটি।
৮১তম মিনিটে রোনালদোর পাস থেকে ব্রুনো ফার্নান্দেসের বাড়ানো ক্রস ডেভিনসন সানচেজ হেড দিয়ে ক্লিয়ার না করলে গোলের দেখা পেতে পারত পর্তুগাল। ম্যাচের ৯২তম মিনিটে সানচেজের হেডে বল জালে জড়ালে গ্যালারিতে উল্লাস শুরু হলেও অফসাইডের কারণে সেই গোল বাতিল করেন রেফারি।
অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে রাফায়েল লিয়াও সুবর্ণ সুযোগ নষ্ট করলে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
নকআউট পর্বের সূচি অনুযায়ী, শেষ ৩২-এর লড়াইয়ে কলম্বিয়ার প্রতিপক্ষ হবে ঘানা। অন্যদিকে, পর্তুগাল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।