সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ’ শিরোনামে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
শনিবার (২৭ জুন) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, এ ধরনের কোনো ঘটনার তথ্য বা অভিযোগ পুলিশ পায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবির কোনো সত্যতা নেই।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ও মনোবল ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
বার্তায় জনগণকে এ ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যারা এসব বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বা এতে জড়িত, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানানো হয়।
পুলিশ আরও জানায়, কেউ গুজব বা অপপ্রচার ছড়ানোর সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।