দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছে।
শনিবার (২৭ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ নীতিতে বিশ্বাসী। নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তিনি সবসময় দেশের স্বার্থ এবং দেশের মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়ে কথা বলেন এবং সেই স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, এখানে কোনো ব্যক্তিগত স্বার্থের প্রশ্ন নেই। দেশ কিংবা বিদেশে যেকোনো সফল সফর বা ইতিবাচক অর্জন যদি হয়ে থাকে, সেটি কোনো ব্যক্তি বা দলের নয়; বরং বাংলাদেশের এবং দেশের মানুষের সম্মিলিত অর্জন।
বক্তব্যের শেষে সংসদ নেতা তার বক্তব্যে সমর্থন ও উৎসাহ দেওয়ার জন্য বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে ধন্যবাদ জানান। দেশের মানুষের কল্যাণে কাজ করার এই ধারাবাহিক প্রচেষ্টায় সবার ইতিবাচক সহযোগিতা ও সদিচ্ছাকে তিনি আন্তরিকভাবে স্বাগত জানান।