ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। একই সঙ্গে দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালন করা অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।
শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের মজলিসে শুরার বিশেষ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অধিবেশনে বর্তমান কেন্দ্রীয় কমিটি মেয়াদ শেষ হওয়ার আগেই বিলুপ্ত করে শীর্ষ পর্যায়ে সাংগঠনিক পুনর্বিন্যাস আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়তুল্লাহ। তিনি জানান, বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত থাকলেও জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সাংগঠনিক মূল্যায়নে বেশ কিছু দুর্বলতা চিহ্নিত হয়। এর মধ্যে এককভাবে নির্বাচন করা, প্রার্থী বাছাইয়ে সীমাবদ্ধতা এবং স্থানীয় পর্যায়ে কর্মীদের নিষ্ক্রিয়তার বিষয়গুলো উঠে আসে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলের নতুন মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান এর আগে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, অধ্যক্ষ ইউনুছ আহমাদ ২০০৮ সাল থেকে টানা মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন সাংগঠনিক কাঠামোয় তাকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলের নেতারা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।