জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের নিখোঁজ হওয়া দুই ছাত্রীকে ১০ দিন পর ঢাকার মিরপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকার শাহ আলী থানা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ।
উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলেন আফসানা আক্তার (১৩) ও আশা মনি (১১)। আফসানা গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং আশা মনি স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী। তাদের বাড়ি বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক বান্ধবীর প্ররোচনায় চাকরির সন্ধানে তারা ঢাকায় যায়। সেখানে কোনো কাজ না পেয়ে মিরপুর এলাকায় ঘোরাঘুরির সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা প্রতারণার শিকার হওয়ার কথা জানালে স্থানীয়রা তাদের মিরপুরের সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্রে নিয়ে যায়। পরে শাহ আলী থানা পুলিশের সহায়তায় বকশীগঞ্জ থানা পুলিশ তাদের উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এর আগে, গত ১৭ জুন বিকেল ৫টার দিকে দুই ছাত্রী বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। এ ঘটনায় আফসানা আক্তারের বাবা মো. আল আমিন বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর থানায় অভিযোগ দায়ের করা হয়। তথ্যপ্রযুক্তি ও ঢাকার শাহ আলী থানা পুলিশের সহযোগিতায় মিরপুরের একটি সরকারি আশ্রয় কেন্দ্র থেকে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দীর্ঘ ১০ দিন পর সন্তানদের ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন দুই পরিবারের সদস্যরা।