যশোরের গদখালী এলাকায় অভিযান চালিয়ে ১৩টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ১৫৮ গ্রাম। যার আনুমানিক মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।
শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল বিওপির একটি আভিযানিক টহলদল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার সায়দাবাদ এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
আটক ব্যক্তি সাহাব উদ্দিন সরদার (৪৪)। তিনি যশোর জেলার বেনাপোল থানার বালুন্ডা গ্রামের বাসিন্দা।
বিজিবি আরও জানায়, এ ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।