৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় আইনের ব্যত্যয় ও অস্বচ্ছতার অভিযোগে আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং উর্মি রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন হুমায়ন কবির পল্লব। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া প্রচলিত আইন অনুযায়ী সম্পন্ন হয়নি এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি ছিল বলে আদালত পর্যবেক্ষণ করেছেন।
তিনি বলেন, নিয়োগ কার্যক্রমে আইনের ব্যত্যয় ঘটানো হয়েছে। এ কারণে আদালত আগামী ৬০ দিনের মধ্যে স্বচ্ছ ও মেধাভিত্তিক পদ্ধতিতে নন-ক্যাডার নিয়োগের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন।
এর আগে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদে নিয়োগপ্রত্যাশী ৪৫৫ জন চাকরিপ্রার্থী হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। সেই রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
আদালতের এ নির্দেশের ফলে ৪৩তম বিসিএস নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া নতুন করে মূল্যায়নের মাধ্যমে মেধাতালিকা প্রকাশের পথ উন্মুক্ত হলো।