ঢাকার মিরপুরে স্ত্রী ইকরা আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক জাহের আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, জাহের আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ইকরাকে উদ্দেশ্য করে অপমানজনক ও উস্কানিমূলক পোস্ট করতেন। এছাড়া বিবাহিত থাকা অবস্থায় অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে বিভিন্ন মন্তব্য করায় ইকরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে অভিযোগ রয়েছে। মামলার রহস্য উদঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য রিমান্ড প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন জাহের আলভী। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ মার্চ মিরপুরের একটি বাসা থেকে অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে ইকরার মামা শেখ তানভীর আহমেদ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় জাহের আলভীর পাশাপাশি তার মা নাসরিন সুলতানা শিউলিকেও আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।