স্ত্রী আফরা ইভনাথ ইকরার আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও নাকচ করে দিয়েছেন।
বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আদালত সূত্রে জানা গেছে, কারাগার থেকে জাহের আলভীকে এদিন আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর আব্দুল মালেক এবং আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন আইনজীবীরা।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানির সময় আদালতে জাহের আলভী বলেন, ‘আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছি। আত্মহত্যার মতো কোনো ঘটনা ঘটেনি। জন্মদিনের শুভেচ্ছা জানানো নিয়ে যে বিষয়টি বলা হচ্ছে, তা আমাদের ইন্ডাস্ট্রিতে স্বাভাবিক ব্যাপার। আমার সন্তান তার মাকে হারিয়েছে, এখন তাকে আমার প্রয়োজন। আমিও ন্যায়বিচার চাই।’
এর আগে গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আলভী। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আফরা ইভনাথ ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তখন আলভী নেপালে শুটিংয়ে ছিলেন।
পরবর্তীতে ১ মার্চ নিহতের বাবা জাহের আলভীকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় তার মা ও কথিত পরকীয়া সম্পর্কের অভিযোগে আরেকজনকেও আসামি করা হয়।
২০১০ সালে বিয়ে করেন জাহের আলভী ও ইকরা। দীর্ঘদিন গোপন থাকার পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের এক পুত্রসন্তান রয়েছে।