নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধসম্পন্ন মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (২৪ জুন) রাজধানীর ডন বস্কো স্কুল পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।
ডেপুটি স্পিকার শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং তাদের সৃজনশীলতা ও প্রতিভার প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
তিনি বলেন, ডন বস্কো স্কুলে বিভিন্ন ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে শিক্ষাগ্রহণ করছে, যা সম্প্রীতি ও সহাবস্থানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের পরিবেশ সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষকদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের বৈষম্যের স্থান থাকা উচিত নয়। তিনি শিশুদের বাংলাদেশি সংস্কৃতি, খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি শিশু-কিশোরদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নে সরকারি সহায়তার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং শিক্ষার্থীদের অটোগ্রাফ প্রদান করেন। অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক প্রতিনিধি, সংসদ সচিবালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।