চীনের ডালিয়ান সফর শেষে দেশটির রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে হাই-স্পিড (বুলেট) ট্রেনে ডালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছান তিনি। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
এর আগে একই দিন সকালে ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস-এ বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধানমন্ত্রীর পাশাপাশি গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ উপস্থিত ছিলেন।
আয়োজকদের তথ্যমতে, সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশ নেন। এতে বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বিভিন্ন দেশের সফল অভিজ্ঞতা ও উন্নয়ন মডেল সম্পর্কে ধারণা অর্জনের সুযোগও তৈরি হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার (২২ জুন) মালয়েশিয়া সফর শেষে চীনের ডালিয়ানে পৌঁছান। সফরের অংশ হিসেবে তিনি বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি একাধিক বৈঠকেও যোগ দেন।