বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলের গোলকিপারদের জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ফিফা। পূর্বনির্ধারিত লাল রঙের পরিবর্তে এবার গাঢ় সবুজ জার্সি পরে মাঠে নামবেন ব্রাজিলের গোলরক্ষকরা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে ব্রাজিলের তিন গোলকিপার, অ্যালিসন বেকার, এডারসন এবং ওয়েভারটনের লাল জার্সি পরার কথা ছিল বলে ব্রাজিলের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা পরিবর্তন করে ফিফা তাদের গাঢ় সবুজ জার্সি, শর্টস ও মোজা ব্যবহারের নির্দেশ দেয়।
ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম হে গ্লোবো জানিয়েছে, ম্যাচের অফিসিয়াল কিট গ্রাফিকসে লাল জার্সির পরিবর্তে গাঢ় সবুজ জার্সি ব্যবহারের বিষয়টি স্পষ্টভাবে দেখা গেছে। অন্যদিকে স্কটল্যান্ডের গোলকিপাররা ধূসর রঙের জার্সি পরে খেলবেন।
তবে কেন এই পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে ফিফা এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলেও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে নীরবতা বজায় রাখা হয়েছে।
এদিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, বিশ্বকাপের জন্য ব্রাজিলের গোলকিপারদের কোনো লাল জার্সিই তৈরি করা হয়নি। এছাড়া ব্রাজিল দলের কিট প্রস্তুতকারী নাইকি–এর ওয়েবসাইটেও এই ম্যাচের জন্য গাঢ় সবুজ গোলকিপার জার্সিই প্রদর্শিত হচ্ছে। সেখানে নাইকির নিজস্ব সংস্করণের পাশাপাশি জর্ডান ব্র্যান্ডের একটি সংস্করণও রয়েছে।
গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে ওঠার সুযোগ থাকবে দলের সামনে।
এদিকে এই ম্যাচ দিয়েই প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তার প্রত্যাবর্তনকে ঘিরে ব্রাজিল সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যাচ্ছে।