ফুটবল বিশ্বে লিওনেল মেসির জনপ্রিয়তা যে বয়সের কোনো সীমা মানে না, তার আরেকটি উদাহরণ হয়ে উঠেছেন ১০০ বছর বয়সী এক নারী ভক্ত। তার নাম পউলিনে কানা। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে গ্যালারিতে উপস্থিত হয়ে তিনি সবার নজর কাড়েন।
ডালাসের স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সি পরে এবং হাতে ‘১০০ বছর বয়সী মেসি ভক্ত’ লেখা একটি প্ল্যাকার্ড নিয়ে খেলা দেখতে আসেন পউলিনে। ম্যাচ চলাকালে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অল্প সময়েই তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন।
তবে পউলিনে কানা শুধু মেসির ভক্ত হিসেবেই পরিচিত নন। ‘গ্যাংস্টার গ্র্যানি’ নামে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়। নাতি রস স্মিথের সঙ্গে নিয়মিত মজার ভিডিও তৈরি করে তিনি কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে তার অনুসারীর সংখ্যা প্রায় আড়াই কোটি। এ ছাড়া ইউটিউব ও ইনস্টাগ্রামেও রয়েছে বিপুলসংখ্যক ভক্ত। তার জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবে নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও।
মেসির প্রতি তার ভালোবাসা নতুন নয়। এর আগেও ইন্টার মায়ামির একটি ম্যাচে তিনি আলোচনায় এসেছিলেন। সেবার তার হাতে থাকা পোস্টারে লেখা ছিল, ‘মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?’ সেই ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।
অন্যদিকে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মাঠেও দারুণ পারফরম্যান্স দেখান মেসি। ম্যাচের শুরুতে একটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও পরে ঘুরে দাঁড়িয়ে দুটি গোল করেন তিনি। ৩৮ মিনিটে প্রথম গোল করার পর ম্যাচের শেষ দিকে আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টিনার অধিনায়ক।
এই ম্যাচে বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ডও গড়েন মেসি। ১৮ গোল করে তিনি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে যান। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড অতিক্রম করেন।
রেকর্ড গড়া এই রাতে মাঠে যেমন আলোচনায় ছিলেন মেসি, তেমনি গ্যালারিতে উপস্থিত তার ১০০ বছর বয়সী ভক্ত পউলিনে কানাও দর্শকদের বিশেষ আকর্ষণে পরিণত হন।