টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সের পর গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে জায়গা করে নেয় লিওনেল মেসির দল।
গ্রুপ পর্বের শেষ দিনের ম্যাচ শেষে জর্ডান ও আলজেরিয়ার ফলের ওপর ভিত্তি করে আর্জেন্টিনার শীর্ষস্থান নিশ্চিত হয়। নিয়ম অনুযায়ী, এখন রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের রানার্স-আপ দল।
এইচ গ্রুপে লড়ছে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব এবং কেপ ভার্দে। শেষ রাউন্ডের ম্যাচগুলোই নির্ধারণ করবে কারা যাবে নকআউটে এবং কে হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ।
বর্তমান সমীকরণে সবচেয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে এগিয়ে আছে কেপ ভার্দে। তবে শেষ ম্যাচগুলো একসঙ্গে হওয়ায় পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। কেপ ভার্দে যদি সৌদি আরবকে হারিয়ে পয়েন্ট টেবিলে সুবিধা নিতে পারে, তাহলে ইতিহাস গড়ে তারা আর্জেন্টিনার বিপক্ষে নকআউটে নামতে পারে।
অন্যদিকে বড় অঘটন ঘটলে সমীকরণ পাল্টে যেতে পারে। যদি উরুগুয়ে স্পেনের বিপক্ষে জয় তুলে নেয়, তবে নাটকীয়ভাবে স্পেনই আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।
নকআউট পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায়, যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে।