মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দফতরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী বলেন, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংলাপ সফল হলে তা পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে উভয় পক্ষ ভবিষ্যতেও ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।