চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় একটি অননুমোদিত কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির কাঁচামাল ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই এলাকায় নষ্ট ও ব্যবহৃত তেল পুনঃপ্রক্রিয়াজাত করে ভেজাল লুব অয়েল উৎপাদন করা হচ্ছিল। এর ভিত্তিতে সোমবার বিকেল ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কারখানাটি থেকে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, কাঁচামাল এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরবর্তীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করেন এবং কারখানাটি ১৫ দিনের জন্য সিলগালা করা হয়।
জব্দকৃত ভেজাল লুব অয়েল ও অন্যান্য সামগ্রীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।